
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে দেশি পর্যবেক্ষকের পাশাপাশি ছিল বিদেশি পর্যবেক্ষকও।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। ওআইসির পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা ভোটার উপস্থিতির প্রশংসা করেন।
তারা বলেন, নির্বাচনে তরুণ ও নারী ভোটাদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। এছাড়া ভোটারদের প্রভাবিত করা হয়নি, নিরাপত্তাও ছিল যথেষ্ট।
ওআইসি সফল ভোটদানে বাংলাদেশ সরকারকে স্বাগত জানায়।
এদিকে, নির্বাচন পর্যবেক্ষণে মাঠে চষে বেড়াচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এবং পর্যবেক্ষক দল। এ বিষয়ে ঢাকায় সফররত ফিলিস্তিনের প্রধান নির্বাচন কমিশনার হাসিম খুহয়াইল বলেন, 'কত শতাংশ ভোট পড়লো সেটা রাজনীতির বার্তা, আমাদের জন্যে নয়।' কেমন নির্বাচন দেখেছেন এমন প্রশ্নে এই পর্যবেক্ষক বলেন, শান্তিপূর্ণ, নিরবচ্ছিন্ন নির্বাচন দেখেছি। একই পর্যবেক্ষণ দিয়েছেন লেবানন ও জর্ডান পর্যবেক্ষণ দল। রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলন হয়েছে।
এএ