
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র্যালি ও মানববন্ধন হয়েছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয় বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষকদের উপস্থিতিতে। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক মানববন্ধন মিলিত হয়।
শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক উপাচার্য আবদুস সোবহান, সমাজকর্ম বিভাগের শিক্ষক সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই জঙ্গিগোষ্ঠী একের পর এক হত্যাকা- ঘটাচ্ছে। তারা মানুষের মাঝে ভয়ের সংস্কৃতি তৈরি করছে। পূর্বে মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গিবাদে ব্যবহার করলেও এখন নামিদামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মগজধোলাই করে জঙ্গিবাদে ব্যবহার করছে। জঙ্গিবাদকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতেও আহ্বান জানান।
এদিকে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে র্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার সাথে সংস্কৃতির চর্চা না থাকায় শিক্ষার্থীরা জঙ্গি হামলার সাথে সম্পৃক্ত হচ্ছে। তাই শিক্ষার সাথে সংস্কৃতির প্রসার ঘটানোর জন্য আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, উদিচীর সভাপতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার। বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলিপ রায় ও ছাত্র ইউনিয়নের আসিফ প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস