
বর্ষা মানে চুল পড়ার সমস্যা। তৈলাক্ত চুল হোক বা ড্রাই, এই সময় চুলের সমস্যায় ভোগান্তি হয় সকলেরই। কখনও অতিরিক্ত আর্দ্রতায় ঘামে ভিজে চুলে পড়ে, কখনও বা বৃষ্টিতে বার বার ভিজে চুল প্রয়োজনীয় আর্দ্রতা হারায়। তাই সময় নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল মাসাজ ছাড়াও চুলের চাই একটু বেশি যত্ন।
জেনে নিন চুলের ৮ ঘরোয়া মাস্ক যা বর্ষাকালের যত্ন নিতে দারুণ উপযোগী।
১. কলা, মধু ও নারকেল: চুলের দৈর্ঘ অনুযায়ী ১-২ চটকানো পাকা কলা, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ কাঁচা দুধ ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে ২০-১৫ মিনিট চুলে লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
২. অ্যাভোকাডো ও অলিভ অয়েল: ১টা পাকা অ্যাভাকাডো, ১ টেবিল চামচ অলিভ অয়েল ও সিকি কাপ কাঁচা দুধ মিশিয়ে আধ ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন। ঠান্ডা বা মৃদু গরম জলে ধুয়ে ফেলুন।
৩. নারকেল তেল, আমন্ড দুধ ও অলিভ অয়েল: ৪-৫ টেবিল আমন্ড দুধ, ১-২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে গোটা চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৪. ডিম ও দুধ: শুষ্ক চুল হলে ২টো ডিমের কুসুম, তৈলাক্ত চুল হলে ২টো ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ কাপ কাঁচা দুধ, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মাস্ক ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৫. ওটস, নারকেলের দুধ ও মধু: ১ টেবিল চামচ করে ওটস, মধু ও দুধ মিশিয়ে নিন। এই মাস্ক চুলের গোড়ায় ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৬. স্ট্রবেরি, মধু ও দুধ: ৩-৪টে স্ট্রবেরি, ১ টেবিল মধু, ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট এই মাস্ক চুলে লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
৭. বেকিং সোডা ও অ্যাপল সিডার ভিনিগার: ১ টেবিল চামচ বেকিং সোডা, ২-৩ কাপ অ্যাপল সিডার ভিনিগার, ১/৪ কাপ জল মিশিয়ে মাথায় লাগান। ১৫ মিনিটের বেশি রাখবেন না। হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
৮. ডিম ও দই: যদি শুষ্ক চুল হয় তাবলে ১-২ ডিমের কুসুম, তৈলাক্ত চুল হলে ১-২ ডিমের সাদা অংশের সঙ্গে আধ কাপ দই মিশিয়ে নিন। এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন ১৫-১০ মিনিট। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সানবিডি/ঢাকা/আহো