
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য।
এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে।
ইতোমধ্যে সেই ফোন অনেকেই পেয়েছেন। এ তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তাজুল ইসলাম, ডা. দীপু মনি, আনিসুল হক, আ ক ম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, ড. আব্দুর রাজ্জাক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন।
এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ফোন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হচ্ছে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন।
এএ