প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন। এদিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময়সভায় ভাষণ দেবেন। রোববার কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় এসে মতবিনিময়সভায় যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও বিশাল প্যান্ডেল। মতবিনিময়সভা স্থলসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মতবিনিময়সভা কেন্দ্র করে পুরো কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। উপজেলা সদরসহ এর আশপাশের এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। রাস্তার দুই পাশে লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মতবিনিময়সভার প্যান্ডেলে ২ হাজার নেতাকর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনি আসন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে বিপুল ভোটে অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা তাকে শুভেচ্ছা জানাতে ঢাকায় যেতে চেয়েছিলাম। তখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের বলেছেন— ‘তোমাদের ঢাকা আসতে হবে না, আমিই তোমাদের শুভেচ্ছা জানাতে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আসব’।
এনজে