বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের রেজিম চেঞ্জ এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র জনগণ ভোটের মাধ্যমে প্রতিহত করেছে।
বুধবার(১৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ফকিরাড়ি রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ঐক্যবদ্ধ ওয়ার্কার্স পার্টির সভাপতি তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেনন।
স্মরণ সভায় মেনন আরও বলেন, প্রান্তজনের সংগ্রামকে এগিয়ে নিয়ে শোষণমুক্তির জন্য আজীবন লড়াই করেছেন কমরেড অমল সেন। তার আদর্শকে ধারণ করে লড়াই সংগ্রামের মধ্যদিয়ে পার্টিকে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নীলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন পার্টির নেতা অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, অধ্যাপক আবদুল মোতালেব হাওলাদার, জাকির হোসেন ও শামিল শাহরোখ তমাল সহ অন্যান্যরা।
এমজি