
শরীয়তপুরের সখিপুরে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী মো. আরিফসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। শুক্রবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সখিপুর থানার চরভাঘা ইউনিয়নের দুলারচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালক হাবিব মাদবকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি হাবিব মাদবর ও অটোরিকশা চালক আরিফ মালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে নিহত হাবিব মাদবর যাত্রী নিয়ে নড়িয়ার ঘড়িসার বাজার থেকে সখিপুর থানার চর দুলারচর এলাকায় যাচ্ছিলেন। তাদের অটোটি দুলারচর এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরিফ ও তার সহযোগীরা হাবিব মাদবরের অটোরিকশার গতি রোধ করে। হাবিবকে অটো থেকে নামিয়ে এলোপাথাড়ি আঘাত করে আরিফ ও তার সহযোগীরা। এ সময় হাবিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এম জি