ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করেছে। রবিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২১ হাজার ৪৯১ পিস ইয়াবা, ১৪২ গ্রাম হেরোইন, ৫ কেজি ৯৬০ গ্রাম গাঁজা এবং ২ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এনজে