
রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পরিচালিত 'অপারেশন স্টর্ম-২৬' অভিযানে নিহতরা সবাই জঙ্গি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদাজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অভিযানকে সফল বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগাম তথ্যের ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। আস্তানায় থাকা জঙ্গিরা দু-একদিনের মধ্যে বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। আস্তানায় পুলিশ পৌঁছলে জঙ্গিরা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের ব্যর্থ করে দেওয়া হয়। অভিযান সফল হয়েছে।
কল্যাণপুরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন সেখানে রুটিন ওয়ার্ক চলছে। এক জঙ্গি ধরা পড়েছে। নিহত হয়েছেন ৯ জন। নিহতদের সবাই জঙ্গি। কয়েকজন পুলিশও আহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কল্যাণপুরের অভিযানে উদ্ধারকৃত বিস্ফোরক, জঙ্গিদের ব্যবহৃত পোশাক-আশাক এবং গুলশান ও শোলাকিয়ার হামলাকারীদের ব্যবহৃত বিস্ফোরক ও পোশাক-আশাকের মধ্যে মিল পাওয়া গেছে। আগের দুই ঘটনার সঙ্গে এদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে তদন্তের পরই বিষয়টি জানা যাবে।
আসাদুজ্জামান খান আরও বলেন, গুলশান ও শোলাকিয়ার জঙ্গিরা মাদকাসক্ত ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি নির্মূল হবে। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কল্যাণপুরের মতো এ ধরনের অভিযান (ব্লক রেইড) চলতে থাকবে। যেখানে প্রয়োজন মনে করা হবে, সেখানেই এ ধরনের অভিযান চলবে।
উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনের চার তলার একটি 'জঙ্গি' আস্তানায় যৌথবাহিনীল অভিযানে ৯ জন নিহত হয়েছে। সোয়াট, র্যাব, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী 'অপারেশন স্টর্ম-২৬' পরিচালনা করে।