
অবশেষে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় অধিবেশন বসবে। এ দিন নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যরা শপথ নেয়ার পাশাপাশি নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতাও নির্ধারণ করা হবে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় পরিষদ সচিবালয়ের এক নোটিশে পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকা হয়েছিল। পরে সেদিন রাতেই পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পাঠানো দ্বিতীয় সুপারিশপত্রে স্বাক্ষর করে প্রেসিডেন্ট আলভি বৃহস্পতিবার একই সময়ে সংসদের নবনির্বাচিত নিম্নকক্ষের প্রথম অধিবেশন আহ্বান করেন।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ২১ দিনের মধ্যে নতুন জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে হবে। সেই অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারি অধিবেশন ডাকা হয়।
কিন্তু সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে (এসআইসি) সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়ার বিষয়টি সুরাহা না হওয়ায় অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট আলভি। আলভি অধিবেশন না ডাকায় জাতীয় পরিষদের স্পিকার অধিবেশন আহ্বান করেন। প্রেসিডেন্টকে পাশ কাটিয়ে স্পিকার অধিবেশন ডাকতে পারেন কি না, তা নিয়ে আইনি বিতর্ক শুরু হয়।
স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছে দলটি। আর পিপিপির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হচ্ছেন। সমঝোতার ভিত্তিতে ডেপুটি স্পিকার পদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী দেওয়ার কথা।
সূত্র: ডন
বিএইচ