
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত একটি জাতীয় দৈনিকের প্রতিনিধিকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের একদল নেতাকর্মীর বিরুদ্ধে।রোববার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ঝুঁপড়িতে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার সাংবাদিকের নাম রকিব কামাল। তিনি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কলা অনুষদ ঝুঁপড়িতে বসে নাস্তা করছিলেন রকিব। এসময় ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক কনকর্ড পক্ষের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী তার ওপর হামলা চালায়। পরে ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সহায়তায় রকিবকে উদ্ধার করেন ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকরা।
ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত রকিব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
এদিকে রকিব তার উপর হামলার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমানকে দায়ী করছেন। প্রতিবেদন করায় তার ওপর মিজান ক্ষুব্ধ ছিলেন বলে তিনি জানান।
রকিব কামাল বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সভায় যাওয়ার কলা ঝুপড়িতে এসেছিলাম। এসময় আমি চা খাওয়ার জন্য একটি দোকানে গেলে ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজান তার জুনিয়রদের আমাকে মারার জন্য দেখিয়ে দেন। এর কিছুক্ষণ পর ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রাকিব এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের বনির নেতৃত্ত্বে আরও ১০-১৫জন আমার ওপর হামলা চালায়।’
ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সানবিডি/ঢাকা/আহো