
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আসামিরা সবাই ময়মনসিংহের মুক্তগাছা উপজেলার। এদের মধ্যে আব্দুস সালাম নামের একজনের পরিচয় জানালেও বাকিদের নাম-পরিচয় জানানো হয়নি।
প্রসিকিউটর আবুল কালাম আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
প্রসিকিউটর আবুল কালাম জানান, পালিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য পাঁচ আসামির নাম প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, সালামসহ ছয়জনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। মামলাটি তদন্তাধীন। তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা প্রয়োজন।
তাই প্রসিকিউশনের পক্ষে তাদের গ্রেফতারে পরোয়ানা জারির আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।