
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধীদের সন্তানদের কমিটিতে স্থান দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের নীতিগত কোনো পার্থক্য নেই।
সোমবার সকালে বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবেরর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি তাদের জাম্বো কমিটিতে যুদ্ধাপরাধীর সন্তানদের পদ দিয়েছে, এতে ঘাবড়াবার কিছু নেই। এটা নতুন কিছু নয়।
তিনি বলেন, বিএনপি এবং জামায়াত- উভয় দলই পাকিস্তানের সৃষ্টি। তারা পাকিস্তানের আদর্শ দ্বারা পরিচালিত।
উল্লেখ্য, ১৯৩০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন তিনি।
নানা আয়োজনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন ফজিলাতুন নেছার ৮৬তম জন্মবার্ষিকী পালন করছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।