
রাজধানীর তেজগাঁও থানা এলাকার আরজতপাড়া এলাকার একটি বাসা থেকে নাসিম আহমেদ (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, সড়ক দুর্ঘটনায় প্রেমিকা মারা যাওয়ায় শোকাহত হয়ে আত্মহত্যা করেছেন নাসিম।
সোমবার (০৮ আগস্ট) সকালে ওই এলাকার ১১৭ নম্বর বাসায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত নাসিমের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম উপজেলায়, বাবার নাম আবদুর রহিম। পরিবারের সঙ্গে তেজগাঁওয়ে থাকতেন মহাখালী সরকারি মডেল স্কুলের নবম শ্রেণির এই ছাত্র।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নাসিমের প্রেমিকা তানহার মৃত্যু হয়। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এ কিশোর। ‘এ ঘটনায় গত রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি,।
ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নাসিমের বাবা আবদুর রহিম বলেন, নাসিমের সঙ্গে কথা বলে জেনেছি-তানহা নামে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিলো। সম্প্রতি মেয়েটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকেই সে ভেঙে পড়ে।
সানবিডি/ঢাকা/আহো