গাজায় যুদ্ধ চলমান থাকবে: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৪-০৩-২১ ০৯:৫০:৪৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধ চলমান থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (২০ মার্চ) মার্কিন রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ভার্চ্যুয়াল কনফারেন্সে তিনি এসব কথা জানান।
বৃহস্পতিবার (২১ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
মার্কিন সিনেটর জন বারাসো বলেন, আমরা যুদ্ধ, জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার প্রচেষ্টার বিষয়ে তাকে (নেতানিয়াহু) আপডেট জিজ্ঞাসা করেছি। আমরা তাকে বলেছিলাম- ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তিনি বলেছেন- তারা ঠিক এটিই করে চলেছে।
আল জাজিরা বলছে, ভিডিও কনফারেন্সে নেতানিয়াহু জানান, গাজায় এ পর্যন্ত ২৮ হাজার মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে প্রায় ৪ হাজার কম।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের ৫ মাসেরও বেশি সময় ধরে চলা নৃশংস আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৩১ হাজার ৯২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নেতানিয়াহুর এই কনফারেন্সের এক সপ্তাহ আগে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার ইসরায়েলে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানান। ওই সময় তিনি বলেন, বিশ্বব্যাপী ‘একঘরে’ হওয়ার ঝুঁকিতেও রয়েছে ইসরায়েল।
গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। এর পর থেকে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৩১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে একটি বড় অংশই বেসামরিক সাধারণ মানুষ। এতে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
সূত্র: আল জাজিরা
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













