
নীলফামারীর ডোমার উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে নিতাই চন্দ্র রায়কে (২২) কুপিয়ে হত্যা করেছেন তার বড় ভাই গোবিন্দ চন্দ্র (৩৪)।
মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া টোলের ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। তারা একই এলাকার অনিল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে গোবিন্দ ও নিতাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সকালে গোবিন্দ ওই জমির বাঁশ কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোবিন্দ হাতে থাকা ধারালো দা দিয়ে নিতাইকে কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান নিতাই। পরে স্থানীয়রা নিতাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় গোবিন্দকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো