
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে একই বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিভাগের করিডরে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মো. রাজিবুল হক মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের (৪৩ তম আবর্তন) শিক্ষার্থী। অভিযুক্ত ওই কর্মচারী মার্কেটিং বিভাগের সিনিয়র সর্টার মাজেদুল ইসলাম।
রাজিবুল অভিযোগ করেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি বিভাগের অফিসের সামনে পানি পান করতে যান। পানি পান শেষে একটি প্লাস্টিকের বোতল অফিস কক্ষের পাশে ফাঁকা জায়গায় রাখেন। বোতল রেখে চলে যাওয়ার সময় মাজেদুল ইসলাম তাকে ‘তুই’ সম্বোধন করে দাঁড়াতে বলেন। এরপর মাজেদুল রাজিবুলের শার্টের কলার ধরেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন মাজেদুল।
রাজিবুল আরো বলেন, ‘আমার এক বান্ধবী পানি খাবে ভেবে আমি বোতলটি ওখানে রেখে গিয়েছিলাম। বিনা কারণে তিনি আমাকে মারধর করেছেন। তিনি আগে থেকেই আমার সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করতেন।’ এ ঘটনার বিচার চেয়ে বিভাগে লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি।
এ বিষয়ে মাজেদুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষার্থী (রাজিবুল) একটি খালি বোতল আমার হাতে দেয়। এতে আমি ক্ষুব্ধ হয়ে তাকে ধমক দেই। কিন্তু মারধর করিনি।’
এ প্রসঙ্গে মার্কেটিং বিভাগের সভাপতি ফারহানা সেহরীন বলেন, ‘এ বিষয়ে এখনও কিছু শুনিনি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সানবিডি/ঢাকা/আহো