
বগুড়া সদরের ঘোলাগাড়ি পশ্চিমপাড়ায় প্রেমিকার অন্যত্র বিবাহে বাঁধা হয়ে দাঁড়ানোর অপরাধে সোহাগ (২০) নামে এক প্রেমিককে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে, এ অভিযোগে বুধবার জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মৃত সোহাগের পিতা একই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে মো: আবু সাঈদ বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান বাদীর অভিযোগটি আমলে নিয়ে এ ঘটনায় বগুড়া সদর থানায় দায়েরকৃত ৫৮/১৬ অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলার নথি তলব ও নথি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তি আদেশ দেয়া হবে বলে উল্লেখ করে এ মামলার পরবর্তী ধার্য্য তারিখ নির্ধারন করেন ১৬/৮/২০১৬ ইং।
মামলার আসামীরা হলেন, ভিকটিম সোহাগের প্রেমিকা মোছা: সোহানা খাতুনের পিতা ঘোলাগাড়ি পশ্চিমপাড়ার মৃত সাদেক আলীর ছেলে রজ্জব আলী পাইকার (৪৭), রজ্জবের ছেলে সোবাহান পাইকার (২০), সাইফুলের ছেলে গোলজার (২৭), সোহানার হবু শ্বশুর আশরাফ প্রাং এর ছেলে জাহিদুর রহমান (৫০) এবং জাহিদুলের দুই ছেলে দুলা মিয়া (২৭) ও সেলিম (৩৭)।
বগুড়া জেলা দেওয়ানী ও ফৌজদারী আদালতের বিজ্ঞ আইনজীবি অ্যাড. হারুণ-অর-রশিদ (রুবেল) জানান, বাদীর ছেলে সোহাগ আসামী রজ্জবের মেয়ে সোহানাকে ভালবাসতো। সোহানার অন্যত্র বিবাহের কথা ঠিক হলে চলতি আগস্ট মাসের ৫ তারিখ বিকেলে প্রেমিক সোহাগ প্রেমিকা সোহানার পিতার বাড়িতে গিয়ে বলে, সে সোহানাকে ভালবাসে, অন্যত্র তাকে বিবাহ দিতে নিষেধ করে। এমত: বক্তব্য শুনে সোহানার পিতা রজ্জব বাড়ির সদর দরজা বন্ধ করে দেয়। এ সময় সকল আসামী সোহাগকে অমানুষিক নির্যাতন চালায়।
এক পর্যায়ে জীবনে শেষ করে দেয়ার জন্য জোরপূর্বক সকল আসামীরা সোহাগের মুখে কিটনাশক ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে সাক্ষীরা গুরুতর অসুস্থ্য অবস্থায় সোহাগকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ৭ আগষ্ট বিকেল ৪.৩০টায় সোহাগ মারা যায়।
বগুড়া সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস. আই) নুর আলম বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মুত্যু মামলা দায়ের করে লাশের সুরৎহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশের ময়না তদন্ত সম্পন্ন করেন। এ ঘটনায় বাদী থানায় মামলা দায়ের করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তার গড়িমসির কারণে মামলা দায়ের করতে না পেরে বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
সানবিডি/ঢাকা/আহো