
খুলনায় সুন্দরবনের বনদস্যু আনারুল বাহিনীর প্রধান আনারুল ইসলাম (৪৫) পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` নিহত হয়েছেন। শুক্রবার ভোরে খুলনার কয়রা উপজেলার খরখড়িয়া নদীর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, ৫টি কার্তুজ ও দুটি দা জব্দ করা হয়েছে। নিহত আনারুল কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের জিহাদ সানার ছেলে।
কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মহারাজপুর এলাকায় বাড়ির পাশ থেকে আনারুলকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুসারে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়।
পরে পুলিশও আত্মরক্ষার জন্য গুলি চালালে ভোরে আনারুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন।
তিনি আরো জানান, আনারুল দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যুবাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ৬টি ডাকাতি, ১টি খুনসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
সানবিডি/ঢাকা/আহো