
আসছে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান –এর একচল্লিশতম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস ২০১৬ উৎযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে । কর্মসূচির শুরুতে থাকছে বাদ জোহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও কাঙ্গালি ভোজ ।
“শোক দিবসের অঙ্গীকার,উন্নয়নের সোপান ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দুর্বার” এই স্লোগানকে সামনে রেখে শোক দিবসের কর্মসূচিকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে।
বেলা তিনটায় প্রথম পর্বে থাকছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ । দ্বিতীয় পর্বে অতিথিদের বরণ ও স্বাগত বক্তব্য প্রদান করা হবে। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ দে স্বাগত বক্তব্য প্রদান করবেন।তৃতীয় পর্বে আলোচনা অনুষ্ঠান,পুরষ্কার বিতরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ‘পঙক্তি নির্মাণে জাতির নির্মাতা’ প্রবন্ধ উপস্থাপন করবেন ফকলোর বিভাগের প্রভাষক মেহেদী উল্লাহ । দ্বিতীয় ও তৃতীয় পর্বের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান,মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন । জাককানইবি’র উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম সভাপতিত্ব করবেন।বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, ছাত্রপরামর্শ ও নির্দেশনা পরিচালকপ্রফেসর ড. মো.নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল । এছাড়াও আলোচক হিসেবে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মহোদয় উপস্থিত থাকবেন।
সানবিডি/ঢাকা/এসএস