বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন আরও একজন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয়। আসামি রুয়াল থান লিয়ান বম (৩৩) রুমা উপজেলার ১নং পাইন্দু ইউপির ৬ নম্বর ওয়ার্ড আরথা পাড়া এলাকার তুয়ালিন বমের ছেলে।
আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় আটক এক আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় রুয়াল থান লিয়ান বমকে।
এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৫ জনকে বান্দরবান জেলা কারাগারে পাঠিয়েছে আদালত।
বান্দরবান জেলা পুলিশের তথ্যমতে রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এ পর্যন্ত রুমা থানায় পাঁচটি এবং থানচি থানায় চারটিসহ মোট ৯টি মামলায় ৬৬ জনকে আটক করে আদালতের আদেশের প্রেক্ষিতে জেল হাজতে পাঠানো হয়।
এম জি