
ঢাকাসহ ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, রংপুর ও বরিশাল বিভাগের প্রায় সব অঞ্চলেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি হলেও এপ্রিল জুড়ে কমবেশি তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এ মাসের শেষের দিকে দাবদাহ আরও বাড়তে পারে বলেও জানানো হয়।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগ অর্থাৎ খুলনা বিভাগ ছাড়া প্রায় সব অঞ্চলেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এর পর আবারও তাপমাত্রা বাড়বে বলেও জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে।
বিএইচ