
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের খরমপুর এলাকায় স্ত্রীর ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আল আমিন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের খরমপুর এলাকায় সাইনধারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আল আমিন বিজয় নগর উপজেলার মহেষপুর গ্রামের আবুল কালামের ছেলে।
জানা গেছে, আখাউড়া পৌর শহরের খরমপুর গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা মিলন মিয়ার মেয়ে রুবিকে (প্রথম স্ত্রী) রেখে সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে আল আমিন।
সোমবার দুপুরে আল আমিন দ্বিতীয় স্ত্রীর কাছে যেতে চায়। এতে বাঁধা দেয় প্রথম স্ত্রী রুবি। এক পর্যায়ে আল আমিন তার স্ত্রীর কাছ থেকে ছুঁটে দৌড় দেয়। স্ত্রীর ধাওয়া খেয়ে সে বাড়ির পাশে সাইনধারা নদীতে ঝাঁপ দেয়। এসময় আল আমিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা জাল ফেলে খোঁজ করতে থাকলে তার লাশ উঠে আসে।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন আল আমিনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
সানবিডি/ঢাকা/আহো