
নড়াইলের লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নূর ইসলাম মৃধা (৫১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে পারমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম মৃধা পারমল্লিকপুর গ্রামের মৃত মকসেদ মৃধার ছেলে। তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, নূর ইসলাম মল্লিকপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারমল্লিকপুর গ্রামের ঠাকুর এবং মৃধা বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আওয়ামী লীগ সমর্থিত ঠাকুর পক্ষের লোকজন নূর ইসলাম মৃধার বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে হয়েছে।
এ সময় সানা গাজি (৩২), ইকবল মৃধা (৩৫), শাহীন (৪০), লিয়া (৩৫), অকি শেখ (৩৭), লিমা (১৯) সহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতরা লোহাগড়া, নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নড়াইলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
সানবিডি/ঢাকা/আহো