ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখা। এ ঘটনায় যারা জড়িত, তাদের অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয়পর্ব ও মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
এর আগে ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে গতকাল শনিবার (২৭ এপ্রিল) পুরস্কার ঘোষণা করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
কমান্ডার আরাফাত ইসলাম বলেন, র্যাবের ইনটেলিজেন্স উইং বিষয়টি নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে র্যাব এ ঘটনায় কাজ করছে। অচিরেই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।
দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে সাইবার জগতে। যারা অপচেষ্টা করছে তাদের শনাক্ত করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা অপরাধ সংঘটিত হওয়ার পর অপচেষ্টা বা ধামাচাপা দেয়ার চেষ্টা হতে পারে। অপরাধী গ্রেপ্তার হলেই সব বেরিয়ে আসবে।
কিশোর গ্যাং ও অস্ত্র-মাদক সম্পর্কে এক প্রশ্নের জবাবে র্যাবের মিডিয়া উইংয়ের নবনিযুক্ত এ কর্মকর্তা বলেন, মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়েছি। আমরা কাজ করছি। প্রচুর কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। এদের আশ্রয়-প্রশ্রয় ও মদদদাতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তদন্ত করে এটা খুঁজে বের করা হবে। কিশোর গ্যাং চক্রকে আমরা সমূলে উৎখাত করবো। এজন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
কুকি-চিনের তৎপরতা নির্মূলে র্যাব ও যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যৌথ বাহিনী কাজ করছে। র্যাব যৌথবাহিনীর অংশ। এটা নিয়ে কিছু গোপনীয়তা রয়েছে অভিযানের স্বার্থে। এতটুকু বলতে পারি, র্যাব এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে।
প্রসঙ্গত, কমান্ডার আরাফাত ইসলাম বুধবার (২৪ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন।
এম জি