
দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে। আরও বিভাগ করা হতে পারে। এরই মধ্যে ঢাকা বিভাগকে ভেঙে ময়মনসিংহ করা হয়েছে। ভবিষ্যতে ঢাকা বিভাগকে আরেকটু ছোট করে দেওয়ার পরিকল্পনা আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজ কার্যালয়ে বুধবার (১৭ আগস্ট) নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।
প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দশক পর কী হতে পারে- তা মাথায় রেখে শহর বা অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা করতে হবে।
তিনি জানান, সরকারের দায়িত্ব বাংলাদেশের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া। তার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেন, এখন অনেক শহর এমন উন্নত হয়ে গেছে যে, ট্রাফিক জ্যাম হচ্ছে, বাইপাস করতে হচ্ছে। এসব চিন্তা-ভাবনা আমাদের পূর্ব থেকেই করা উচিৎ।
তিনি আরও জানান, ২০-২৫ বছর পরে কী হবে সেটা মাথায় রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা নেওয়া উচিৎ। তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর মানসিকতা ত্যাগ করে চিন্তাটাকে সবসময় আরও স্বচ্ছ, সুদূরপ্রসারী করতে হবে। তাহলে পরবর্তীতে ঝামেলাগুলো কম হবে।
কিছু হলেই রাজধানীতে ছুটে আসার সমালোচনা করে তিনি বলেন, ১৬ কোটি মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হলে আমাদের ক্ষমতাকে আরও বিকেন্দ্রীকরণ করা একান্তভাবে প্রয়োজন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আযম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং প্রেস সচিব ইহসানুল করিমসহ সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/জে্এ্সইচ/এসএস