
কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ জিয়াউল হাসান মাহমুদ ও ইমতিয়াজ মাহমুদ আশিক নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব-১১) সদস্যরা। রোববার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল রোববার বিকাল ২টার দিকে দৌলতপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় র্যাব ওই গ্রামের বশির উল্লাহর ছেলে জিয়াউল হাসান মাহমুদ (২৫) ও হারুন অর রশিদের ছেলে ইমতিয়াজ মাহমুদ আশিককে (২১) গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি, ৩টি মোবাইল সেট ও ৫টি সিম কার্ড উদ্ধার করা হয়।
কুমিল্লার র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, আটক জিয়াউল হাসান মাহমুদ ও ইমতিয়াজ মাহমুদ আশিক ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তারা অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো