
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, অসংখ্য নবী-রাসূলদের আগমনের স্থান, পবিত্র ভূমি ফিলিস্তিনে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল অব্যাহতভাবে বর্বরোচিত হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল শুধু আজকেই নয় বরং তারা ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের ওপরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আসছে। এই হামলায় কয়েক লক্ষ মানুষকে তারা শহীদ করেছে। বিশেষ করে বিগত ৭ মাসে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যাদের অধিকাংশই নারী ও শিশু, যা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।
তিনি বলেন, ফিলিস্তিনে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। খাদ্য পানীয় জরুরি প্রয়োজনের সবকিছুরই অভাব প্রকট আকার ধারণ করেছে। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ এবং যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও এরইমধ্যে রাফায় দফায় দফায় হামলা চালিয়েছে। রাফায় হামলার মাধ্যমে তারা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এমতাবস্থায় ইহুদিবাদীদের এই নির্মমতা বিরুদ্ধে আমরা বসে থাকতে পারি না। এই বর্বরতার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহা. দেলাওয়ার হোসেন, মুহাম্মদ কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, শামসুর রহমান, ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, সৈয়দ সিরাজুল হক, কামরুল আহসান হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি তাকরিম হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আলাউদ্দিন শেখ, ঢাকা কলেজের সভাপতি আনিসুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিবৃন্দ।
বিএইচ