
নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত শ্রমিকরা হলেন, জেলার খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামের ভূপেন্দ্র চৌধুরীর ছেলে নরোত্তম (৪০) ও সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রুইপ্রতাপপুর গ্রামের আসর আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫)।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে বিকেল সাড়ে ৩টায় শহরের একটি চালকলে শ্রমিকরা কাজ করার সময় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে নূর উত্তম, আমিনুল ইসলাম ও জামাল উদ্দিন অগ্নিদগ্ধ হন। আহত হয় আরো অন্তত ১০ জন।
স্থানীয়দের সহযোগিতায় অগ্নিদগ্ধ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও পরে মমেক হাসপাতালে পাঠানো হয়। এদিকে, বিস্ফোরণে চালকলের বয়লারের লোহার পাইপ, চারপাশের দেয়াল ও ছাদে থাকা ঢেউটিনসহ প্রত্যেকটি ইট টুকরো হয়ে ছড়িয়ে পড়ে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিস্ফোরণের কারণ জানা যায়নি।
সানবিডি/ঢাকা/আহো