
সিলেট মহানগরীর জিন্দাবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী মামুন আহমদ (২২) হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ জেলা ছাত্রলীগ নেতা তারেককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শিবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
জিন্দাবাজারের এ্যালিগেন্ট শপিং সেন্টারের সিসিটিভির ফুটেজ দেখে তারেককে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সোলেমান চৌধুরীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও সিসি টিভির ফুটেজ অনুযায়ী সোলেমানের ছুরিকাঘাতেই খুন হন ব্যবসায়ী মামুন।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, মার্কেটের সিসিটিভির ফুটেজ অনুযায়ী পুলিশ নিশ্চিত হয়। ঘটনার সময় যে মোটরসাইকেলে হত্যায় জড়িতরা মার্কেটে এসেছিল সেটির চালক ছিল তারেক। আর উদ্ধারকৃত মোটরসাইকেলটিও সেদিনের মোটরসাইকেল।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জিন্দাবাজারের এ্যালিগেন্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী মামুন আহমদ।
এর আগে মঙ্গলবার বেলা ২টার দিকে মামুন ছুরিকাঘাতের শিকার হন। কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
সানবিডি/ঢাকা/আহো