
সকাল থেকে রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি। বৃষ্টিতে এই শহরের বায়ুর মানের উন্নতি হয়েছে। বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৭। শনিবার (১১ মে) সকাল ৮টা ৫১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী আজকে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মিশরের কায়রো। এই শহরটির দূষণ স্কোর ২১২ অর্থাৎ সেখানকার খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এই তালিকায় ২০৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ নগরী। সেখানকার বায়ুও খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান শহর। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
বায়ুদূষণ তালিকায় রাজধানী ঢাকা রয়েছে ১৭ নম্বরে। এই শহরটির স্কোর ৮৯ অর্থাৎ এখানকার বাতাস আজ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিএইচ