বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা হয় না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে আমার জানামতে কোনো রাজনৈতিক মামলা হয় না। পুলিশ কোনো রাজনৈতিক মামলাও করে না। যেকোনো একটি ঘটনা ঘটলে একজন ইনফরমেটিভ হন, পরবর্তীতে রাষ্ট্র মামলাগুলো পরিচালনা করে।
রোববার (১২ মে) সকালে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট ক্লাবের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের আদালতগুলোতে মামলাজট প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, উন্নত দেশগুলোতে অধিকাংশ মামলা বিচারের আগেই নিষ্পত্তি হয় আপোস ও মীমাংসার মাধ্যমে। যার ফলে মামলা বিচারের জন্য যায় কম। সে কারণে ওদের মামলাজটটাও কম।
তিনি বলেন, আমাদের দেশে প্রায় সকল মামলাই বিচারের জন্য আদালতে যায়। প্রতিটি মামলাতে সাক্ষ্য হয়, প্রমাণ হয়-এসব করতে সময় লাগে। একজন বিচারকের কাছে ২০-৫০ কিংবা ১০০টা মামলাও থাকে। তখন নিষ্পত্তি করতে সময় লাগে।
এম জি