কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইলিয়াস (৪৩) নামে এক হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১ে৩ মে) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এ তাকে হত্যার ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।
উখিয়া থানার ওসি শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাত ১০-১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে বসতবাড়ি সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হামলাকারীদের ধরতে ক্যাম্পে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
এম জি