
২১ আগস্টের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২২ আগস্ট) বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের কাছে তিনি এ দাবির কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়ানো হয়েছে। এর আগে গঠিত তিনটি চার্জসিটে তারেক রহমানের নাম ছিল না। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর তার নাম যুক্ত করা হয়েছে।’ ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত’ হয়ে তারেক রহমানকে এ মামলায় জড়ানো হয়েছে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান।
রামপালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বিদ্যুৎ চাই তবে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন করে সুন্দরবনকে বিনষ্ট করে বিদ্যুৎ চাই না। এটাকে অন্যত্র সরিয়ে নেওয়া হোক।’
এ সময় তিনি বলেন, ‘বিএনপির ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে যে কমিটি নির্বাচিত হয়েছে সেই কমিটি নিয়ে আজ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে ও পুস্পাঞ্জলি অর্পন করতে এসেছি। নেতাকর্মীরা শপথ নিয়েছে যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি অগ্রনী ভূমিকা পালন করবে।’
তিনি আরও বলেন, ‘বরাবরই আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, মানুষের অধধিকার আদায়ে কথা বলছে। তারা এখন এক দলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছে।’
১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর নবগঠিত দলের নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার বিকেলে শেরেবাংলা নগর অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন। এ সময়ে তিনি নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে দোয়া মোনাজাতে অংশ নেন।
সানবিডি/ঢাকা/আহো