
বরিশালের আগৈলঝাড়ায় সরকারের আইটি সাপোর্ট সার্ভিসের আওতায় শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদপত্র ও কম্পিউটার বিতরণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন’র মাধ্যমে সরকারের স্কিল ফর এমপোলাইমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)-র আওতায় ছয়মাস প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন স্থানের ২৫ জন শিক্ষার্থীকে সমাপনী অনুষ্ঠান শেষে সনদ প্রদান করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার রাজিহার গ্রামে এনজিও আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের হলরুমে সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদারের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, সংস্থার প্রধান হিসাবরক্ষক আইচ কমল কৃষ্ণ, আলোশিখা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক অরুণ ভট্টাচার্য, কম্পিউটার প্রশিক্ষক প্রিন্স হালদার, ইদ্রিস খান, হেলথ সুপারভাইজার সুশীল মন্ডল, শিক্ষার্থী রাকিবুল ইসলাম, মাহমুদা খানম প্রমুখ।
শেষে ভোলার তজুমদ্দিন উপজেলার রিপন সরকার, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মনোহরপুরের মিন্টু চন্দ্র গাইন ও একই উপজেলার লতিফাপুর গ্রামের জিহাদ আকনকে কম্পিউটার প্রদান করা হয়।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো