
রংপুরের কাউনিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শরিফুল আলম (২৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মীরবাগ রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, শরিফুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বুধবার তার বাবা আব্দুল জলিল ও নানীর সঙ্গে রংপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বিকেলে পার্বতীপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী লোকাল ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তারা।
ট্রেনটি মীরবাগ স্টেশনে যাত্রা বিরতি দিলে শরিফুল ট্রেন থেকে নেমে পড়েন। এসময় কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী রমনা ট্রেনটি মীরবাগ স্টেশন অতিক্রম করতে ধরলে শরিফুল রমনা ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ইউডি মামলা দায়েরের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
সানবিডি/ঢাকা/আহো