
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি স্বর্ণের বারসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন সোয়া ৫ কেজি, যার দাম আনুমানিক পাঁচ কোটি টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- লিউ ঝনজিলাং ও চেনজেং।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২৩ মে) সকাল পৌনে ৭টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে, হজরত শাহজালাল বিমানবন্দরে দুবাই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে স্বর্ণের চোরাচালান আসছে। ওই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীরা হজরত শাহজালাল বিমানবন্দরে সতর্কতামূলক অবস্থান নেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আরও জানায়, উড়োজাহাজটি অবতরণের পর শুল্ক গোয়েন্দারা স্বর্ণের চোরাচালানের সন্দেহভাজন চীনা নাগরিক লিউ ঝনজিলাং ও চেনজেংকে শনাক্ত করেন। তাদের কাঁধে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩টি চার্জার লাইট পাওয়া যায়। এ সময় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চার্জার লাইটগুলো খোলা হয়। চার্জার লাইটের ব্যাটারির মধ্যে থেকে ৪৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক সাবরিনা আমিন বলেন, গ্রেপ্তারকৃত চীনা নাগরিকদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জব্দ করা স্বর্ণের বারগুলো শুল্ক গুদামে রাখা হয়েছে।
বিএইচ