
রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার শাহ আলম নামে এক মাদককারবারীর ৫ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রোববার (২৬ মে) ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামি শাহ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ জুলাই মাসে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকার রড-সিমেন্টের এক দোকানের সামনে আসামি শাহ আলমকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে র্যাব-৩। জিজ্ঞাসাবাদের পর তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। ওই ঘটনায় আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়।
২০১০ সালের ১২ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার এআই মাহবুবে খোদা অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময়ে ১২ জন সাক্ষীর মধ্যে ৭ জন আদালতে সাক্ষ্য দেন।
বিএইচ