
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টাকাণ্ডে রাষ্ট্রদোহের মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ।
আগামীকাল বৃহস্পতিবার আসামি ইশরাক হোসেনের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য রয়েছে। বুধবার (২৮ মে) আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ মে ইশরাকের বিরুদ্ধে হওয়া ১২টি নাশকতার মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ১১টি মামলায় জামিন দেন। তবে পল্টন থানার এ রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে থাকা অবস্থায় মামলার ঘটনার মূল রহস্য উদঘাটনে আসামির দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ অক্টোবর রাতে রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের একজন বাসিন্দা। মামলায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের পর দলটির কার্যালয়ে এসে বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফী ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে আসামি করা হয়।
বিএইচ