
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন‘শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রাণহানি নেই। ভোটার উপস্থিতিও মোটামুটি সন্তোষজনক ছিল।
বুধবার (২৯ মে) বিকেলে তৃতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ভোটার উপস্থিতি ছিল মোটামুটি সন্তোষজনক।
ওবায়দুল কাদের বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি ৩৫ শতাংশের কিছু বেশি ছিল। আগামীকাল বৃহস্পতিবার এটি চূড়ান্তভাবে জানা যাবে। তৃতীয় ধাপে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ নির্বাচনী দায়িত্বে থাকা সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
ভোটার উপস্থিতি সন্তোষজনক কি না- সাংবাদিকদের এ প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা তো ভেবেছিলাম ভোটার উপস্থিতি কম হবে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে অনেক জায়গায় রাস্তাঘাট নষ্ট হয়েছে। অনেক জায়গায় কিছু কিছু ফসলও নষ্ট হয়েছে। এর মধ্যেও ভোটার উপস্থিতি ৩৫ শতাংশ বা তার বেশি মোটামুটি সন্তোষজনক।
তিনি বলেন, উপজেলা নির্বাচন করাটা চ্যালেঞ্জের। নির্বাচন বিরোধীদের মিথ্যাচার ও অপপ্রচার রয়েছে। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরও বিএনপির গলাবাজিটা আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে। তাদের মাঠের আন্দোলন ব্যর্থ, তারা নির্বাচন ঠেকাতেও ব্যর্থ। এই ব্যর্থতার কারণে তারা হতাশ ও ক্লান্ত।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীর দুর্গত মানুষের কাছে যাবেন তিনি।
ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা।
বিএইচ