ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের সবরকম সহযোগিতায় সরকার পাশে থাকবে বলে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারছি। আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেনো প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ রেহাই পায়।
বৃহস্পতিবার (৩০ মে) ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ত্রাণ বিতরণ শেষে উপস্থিত জনতার মাঝে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ভেঙে যাওয়া বাঁধ ইতোমধ্যেই পুনঃনির্মাণ শুরু করে দিয়েছি, যাতে বন্যার আগেই নির্মাণ কাজ শেষ হয়। উপকূলে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেয়া হয়েছে। যেখানে যেখানে আপনাদের ঘরবাড়ি ভেঙে গেছে সেটুকুও নতুন করে তৈরি তৈরি করে দেবো, আমার ওপর আস্থা রাখুন।
প্রধানমন্ত্রী বলেন, দল ও সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। সব ধরনের সহযোগিতা দেবে সরকার। অতীতে এমন দুর্যোগ হয়েছে কিন্তু কেউ পাশে দাড়ায়নি। দুর্যোগ আসবেই কিন্তু তা মোকাবেলা করে টিকে থাকার সামর্থ অর্জন করতে হবে। সেটাই আওয়ামী লীগের লক্ষ্য।
ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা পরিদর্শনে বেলা পৌনে ১২টার দিকে পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন তিনি।
এম জি