
আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে ঢোকার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আসামি জাকির হোসেন। রোববার (২ জুন) ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।
জানা গেছে, আজ রোববার জাকির হোসেন জাল জালিয়াতির একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য বেলা সাড়ে ১১ টায় আদালতে আসেন। এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এসে জাকির হোসেন তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসহি দেন। এর পরেই তিনি বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন। তার সাথে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই জাকির সেখানে মারা যান।
পরে জাকিরের মরদেহ তার আত্মীয় স্বজনরা কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বন্দ ডাকপাড়া গ্রামে নিয়ে যায়। নিহত জাকির ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
জাকিরের অপর আইনজীবী সুলতান নাসের জানান, জাকির আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন।
উল্লেখ্য, জাল জালিয়াতির অভিযোগে জাকির ও তার ভাই বোনদের আসামী করে ২০১৯ সালে মামলাটি দায়ের করেছিলেন জনৈকা রহিমা খাতুন।
বিএইচ