
বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান। দেশটিতে ভ্রমণে এখন থেকে প্রতিদিন বাংলাদেশিদের ১৫ মার্কিন ডলার ফি দিতে হবে, যা আগে ২০০ ডলার ছিল। সোমবার (৩ জুন) ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশটি বাংলাদেশি পর্যটকদের জন্য নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধুমাত্র ১৫ মার্কিন ডলার দিতে হবে। নতুন ফি ২ জুন থেকে কার্যকর করা হয়েছে।
এর আগে, ২০২২ সালে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করেছিল ভুটান সরকার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশের পর্যটকদেরও দিতে হতো এ ফি। এবার বাংলাদেশি পর্যটকদের জন্যও এসডিএফ ফি কমিয়ে ১৫ ডলার করা হলো।
বাংলাদেশি পর্যটকদের বিদ্যমান ভ্রমণ ফি কমাতে ভুটানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গত ১৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভুটানের তৃতীয় পররাষ্ট্র বিষয়ক পর্যালোচনা সভায় (এফওসি) এ অনুরোধ জানান পররাষ্ট্রসচিব।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে।
বিএইচ