
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঈদ উল আযহার ছুটি শুরুর এক সপ্তাহ আগেই ছাত্রদের এক আবাসিক হলে ডাইনিং বন্ধের নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান হলের আবাসিক শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলে প্রাধ্যক্ষের স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে লেখা আছে, ঈদ উল আযহা উপলক্ষে ছাত্রসংখ্যা কমে যাওয়ায় ডাইনিং আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকবে।
হলের আবাসিক শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, এতো তাড়াতাড়ি ডাইনিং বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। আমার ৬তারিখ পর্যন্ত পরীক্ষা আছে। এখনই ডাইনিং বন্ধ হলে আমার পড়াশুনার ক্ষতি হবে। রান্না করেও খাওয়া সম্ভব নয় এ মুর্হূতে। আর বাইরে খেতে গেলে খরচও বেশি হবে।
আরেক শিক্ষার্থী জুয়েল রানা বলেন, এক সপ্তাহ আগে ডাইনিং বন্ধের সিদ্ধান্তে আমাদের জন্য চরম ভোগান্তি পোহাতে হবে। আজও দুপুরে অনেকে খেতে না পেরে ফিরে গেছে।
ওই হলের ক্যান্টিনের একজন কর্মচারী বলেন, অন্য হলগুলোতে এখনও ডাইনিং বন্ধ হয়নি। এভাবে হল বন্ধের আগেই ডাইনিং বন্ধ করলে শিক্ষার্থীদের বিপাকে পড়তে হবে। আর ছাত্র সংখ্যা কমে গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখন তো হলে বেশ শিক্ষার্থীরা আছেন।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান , ঈদ উপলক্ষে অনেকে বাড়ি চলে যাচ্ছে। এ কারণে হলের ডাইনিংয়ে যারা খেতে আসে তাদের সংখ্যাটা কম। প্রতিদিন ১০০জনের কম ছাত্র খেতে আসছে। কিন্তু ১২০জনের নিচে কর্মচারিদের পক্ষে ডাইনিং চালু রাখা সম্ভব নয়। এজন্য হলের ডাইনিং বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। হলে অবস্থানরত শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে, হলের ক্যান্টিন চালু রাখা হয়েছে।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো