
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার চতুর্থবারের মত চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে পাবনায় উৎসবের আমেজ বিরাজ করছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, রোববার (৯ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন।
পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকরিজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং সার্কিট হাউসে রাতযাপন করবেন।
রাষ্ট্রপতি পরদিন ১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি এবার বেশি কর্মসুচি রাখেননি। তারপরও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক সংলগ্ন নিজ বাড়িসহ তার সম্ভাব্য আড্ডার জায়গাগুলোতে তিনি হয়তো যেতে পারেন-এজন্য সেগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষও প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছেন। রাষ্ট্রপতি সর্বশেষ জানুয়ারি মাসে পাবনায় আসেন এবং সেবার তার পুরোনো আড্ডাস্থল পাবনা প্রেস ক্লাব, মিডিয়া সেন্টার, পাবনা ডায়াবেটিক সমিতি, লক্ষী মিষ্টান্ন ভান্ডারে যান।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে বরাবরের মতই জেলাজুড়ে চলছে আনন্দ উৎসব। রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে পাবনা শহরসহ বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছেন নেতাকর্মীরা।
দেশের ২২তম রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গত বছর প্রথম পাবনায় সফরে আসলে তাকে ১৬ মে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্মরণকালের বৃহত্তম নাগরিক সংবর্ধনা দেয়া হয়। পরে রাষ্ট্রপতি আরো দু’বার নিজ জেলা সফরে আসেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্ম এবং বেড়ে ওঠা পাবনায়। তিনি স্মাতক এবং এলএলবি পড়েছেন পাবনায়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন। পাবনায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
রেড ক্রিসেন্ট এর জেলা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে পাবনায় সাংবাদিকতা করেন। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পাবনা প্রেস ক্লাবের তিনি ২২তম সদস্য। ছাত্ররাজনীতিসহ নানা সমাজসেবা কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন।
বিএইচ