
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ জুন) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে সাক্ষাৎকালে নতুন বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
নতুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী আগামীতে আরও এগিয়ে যাবে।
রাষ্ট্রপতি বলেন, তিনি বিশ্বাস করেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এএ