
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৩টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শক্রমে ম্যাডামকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
এর আগে রাত ৩টা ৫মিনিটে এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ গত ০২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুদিন চিকিৎসা দেন।
তার আগে ৩০ মার্চ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালের সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে ২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বাসায় ফেরেন তিনি।
খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
বিএইচ