
বাংলাদেশের প্রতি পরাশক্তিগুলোর লোলুপ দৃষ্টি রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ জুন) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘এপিএ চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত, দেশ তলিয়ে যাচ্ছে বলে মিথ্যা প্রচার হচ্ছে। সত্যিকার অর্থে আমরা যে এগিয়ে যাচ্ছি তা দেখানো হচ্ছে না। এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র। বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে, আমাদের এই বদ্বীপ এলাকার প্রতি অনেক পরাশক্তির লোলুপ দৃষ্টি রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখানে ঘাঁটি গেড়ে চীনকে কব্জ করতে চাচ্ছে। আবার একইভাবে চীন চাচ্ছে ভারতকে কব্জ করতে। বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশ নিয়ে।
তিনি আরও বলেন, আমার মনে হয়, সেদিকে লক্ষ্য না রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই দেশের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম থাকবে। আমাদের অনেক সোনালী অতীত আছে। আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। আমাদের ভাষার জন্য আমরা লড়াই করেছি। যে কারণে আমরা গর্বিত জাতি, আমরা কারও কাছে মাথানত করব না।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে আমাদের প্রতিটি কাজকে সুষ্ঠুভাবে করতে হবে এবং প্রত্যেক সেবা গ্রহীতাকে সন্তুষ্ট করার জন্য সদা সচেষ্ট থাকতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, শোষণহীন সোনার বাংলা গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ।
এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনসহ শ্রম অধিদফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, নিম্নতম মজুরি বোর্ড, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ