
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কৃষকদের বাড়ি বাড়ি বিনামূল্যে সার-বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।
শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টায় নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর বাসভবনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পলক বলেন, দীর্ঘ ৩৭ বছর চলনবিলের মানুষ অবহেলিত ছিল। এক বস্তা সারের জন্য সাধারণ কৃষককে লাঠিপেটা খেতে হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষামতায় এসে কৃষকদের বাড়ি বাড়ি বিনামূল্যে সার-বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই এতো উন্নয়ন ও স্বচ্ছতা জবাবদিহিতা সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তির মধ্যে ১১ লাখ টাকার আর্থিক সহায়তা ও প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে আরও ৭ লাখ টাকার চেক বিতরণ এবং কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় দুই হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন প্রমুখ।
এম জি