দেশে এখন জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।
সোমবার (১ জুলাই) রাজধানীর গুলশানে ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
২০১৬ সালে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর জঙ্গি দমনে পুলিশের কী ভূমিকা ছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে ৮ বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলা হয়েছিল। এ দিনে দুই পুলিশ সদস্যসহ বিভিন্ন দেশের বিদেশি নাগরিকেরা নিহত হয়েছিলেন। এটি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক বিশ্বেও এটি আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত হয়। তারা মনে করে এই জঙ্গি হামলার পর বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না। আরও জঙ্গি হামলা দিয়ে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে বলে অনেকে মনে করেছিল।
এসবি প্রধান বলেন, এরপর আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামি। গোয়েন্দা তথ্যের ওপর অভিযানের পাশাপাশি, সচেতনতাসহ জঙ্গিদের বিরুদ্ধে নানা কৌশল গ্রহণ করি। হলি আর্টিজানের পরপরই শোলাকিয়াতে একটি হামলা হয়। এরপর থেকে জঙ্গিরা ছোট কিংবা বড় কোনো হামলা করতে পারেনি। জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করলে, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আগেই অভিযান পরিচালনা করি। ফলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনো আছে।
এম জি